অনলাইন ডেস্ক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩ জুন ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্বের জন্য ডেমোক্র্যাটিক পার্টির ঐতিহাসিক মনোনয়ন পেয়েছেন গাজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞ সার্জন ড. অ্যাডাম হামাওয়ি। ইসরাইলপন্থী শক্তিশালী লবিং সংগঠনের ব্যাপক নেতিবাচক প্রচারণা ও বাধা ডিঙিয়ে তিনি এই গৌরবময় বিজয় ছিনিয়ে নিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ড. অ্যাডাম হামাওয়ি ২০২৪ সালে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালে একজন স্বেচ্ছাসেবী সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ইসরাইলি বাহিনী হাসপাতালটি অবরুদ্ধ করে চরম বর্বরতার সাথে খালি করার নির্দেশ দিলেও, তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে সহকর্মী ও গুরুতর আহত রোগীদের ফেলে যেতে অস্বীকৃতি জানান। বোমাবর্ষণ ও অকল্পনীয় প্রতিকূলতার মধ্যে গাজায় অবস্থান করে ফিলিস্তিনি শিশুদের জীবন বাঁচাতে তার এই বীরত্বপূর্ণ ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়।
ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডার্স্ট্যান্ডিং (আইএমইউ) পলিসি প্রজেক্ট এবং জাস্টিস ডেমোক্র্যাটস এক যৌথ বিবৃতিতে বলেছে, “ভোটাররা ড. হামাওয়ির প্রার্থিতার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছেন, কারণ গাজায় ইসরাইলের গণহত্যার অনাকাঙ্ক্ষিত ও নির্মম বাস্তবতা সম্পর্কে তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ক্ষমতার লোভ বা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার সেবা করেছেন।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জাস্টিস ডেমোক্র্যাটস জানায়, তাদের সংগঠন এবং আইএমইউ যৌথভাবে হামাওয়ির নির্বাচনি প্রচারণাকে আর্থিকভাবে এবং কৌশলগতভাবে সমর্থন করেছিল।
নির্বাচনি প্রচারণার শুরু থেকেই মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী ও ইসরাইলপন্থী লবিং সংগঠন 'আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি' (AIPAC) হামাওয়ির বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নামে। তারা ভোটারদের প্রভাবিত করতে এবং হামাওয়ির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিপুল অর্থ খরচ করে নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। তবে সচেতন মার্কিন ভোটারদের কাছে সেই অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
জাস্টিস ডেমোক্র্যাটসের ভাষ্যমতে, “ইসরাইলপন্থী লবিং সংগঠনগুলো অর্থ ঢেলে ভোটারদের সমর্থন এবং বিবেক কিনে নিতে চেয়েছিল, কিন্তু তারা সাধারণ মানুষের সততার কাছে চূড়ান্তভাবে পরাস্ত হয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাডাম হামাওয়ির এই মনোনয়ন লাভ মার্কিন রাজনীতিতে বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে গাজা নীতি নিয়ে চলমান ক্ষোভের একটি বড় প্রতিফলন। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকা প্রগতিশীল মার্কিন ভোটাররা যে এখন আর শুধু পকেট রাজনীতির কাছে মাথা নত করছেন না, নিউ জার্সির এই নির্বাচনী ফলাফল তারই স্পষ্ট বার্তা দিচ্ছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |